জমি কেনার পর নামজারি না করলে যেসব জটিলতায় পড়তে পারেন

জমি কেনা বা উত্তরাধিকারসূত্রে পাওয়ার পর শুধু রেজিস্ট্রি করা দলিল হাতে থাকলেই মালিকানার প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। সরকারি খতিয়ানে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করে রেকর্ড হালনাগাদ করাও গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়াকে নামজারি বা মিউটেশন বলা হয়। নামজারি না থাকলে পরবর্তী সময়ে জমি হস্তান্তর, কর পরিশোধ কিংবা মালিকানা নিয়ে বিরোধের ক্ষেত্রে প্রশাসনিক ও আইনি জটিলতা তৈরি হতে পারে।

জমি কেনা বা উত্তরাধিকার সূত্রে পাওয়ার পর আগের মালিকের পরিবর্তে সরকারি রেকর্ডে নতুন মালিকের নাম যুক্ত করার প্রক্রিয়াই নামজারি। বর্তমানে নির্ধারিত সরকারি ফি দিয়ে অনলাইনে ই-নামজারির আবেদন করা যায়।

উত্তরাধিকারসূত্রে পাওয়া জমির ক্ষেত্রে নিয়মেও পরিবর্তন এসেছে। ভূমি মন্ত্রণালয়ের ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো ব্যক্তি মারা গেলে তাঁর সব ওয়ারিশের নাম উল্লেখ করে যৌথ নামজারির আবেদন করতে হবে। ওয়ারিশদের মধ্যে আনুষ্ঠানিকভাবে জমি ভাগ না হলে পৃথক খতিয়ান করা হবে না। একই খতিয়ানে প্রত্যেক ওয়ারিশকে তাঁদের অংশ অনুযায়ী অংশীদার হিসেবে নামজারি করা হবে।

তবে ওয়ারিশরা নিবন্ধিত বণ্টননামা বা সমঝোতা দলিলের মাধ্যমে নিজেদের মধ্যে জমি ভাগ করে নিলে প্রত্যেকে নিজের অংশ অনুযায়ী পৃথক নামজারি ও খতিয়ান করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনের সঙ্গে সঠিক ওয়ারিশ তথ্য, নিবন্ধিত ওয়ারিশ সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। তথ্য বা নথি অসম্পূর্ণ থাকলে আবেদন বাতিল হতে পারে।

নামজারি না থাকলে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হতে পারে জমি হস্তান্তরের সময়। হালনাগাদ খতিয়ানে নিজের নাম না থাকলে জমি বিক্রি, দান বা হেবা করার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে। একইভাবে নিজের নামে রেকর্ড না থাকায় ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের ক্ষেত্রেও সমস্যা হতে পারে।

জমির দখল নিয়ে বিরোধ দেখা দিলে নামজারি না থাকার বিষয়টিও জটিলতা বাড়াতে পারে। সরকারি রেকর্ডে নিজের নাম না থাকায় মালিকানা সংক্রান্ত বিষয় প্রমাণের ক্ষেত্রে অতিরিক্ত সমস্যার মুখোমুখি হতে পারেন। তাই জমি কেনা বা উত্তরাধিকারসূত্রে পাওয়ার পর দ্রুত রেকর্ড নিজের নামে হালনাগাদ করা গুরুত্বপূর্ণ।

যাদের আগে থেকেই নামজারি সম্পন্ন হয়েছে এবং খতিয়ানের তথ্য সঠিক রয়েছে, তাদের নতুন করে নামজারি করার প্রয়োজন নেই। তবে পুরোনো খতিয়ান বা রেকর্ড সরকারি অনলাইন ব্যবস্থায় সঠিকভাবে সংরক্ষিত বা ডিজিটাইজড হয়েছে কি না, তা যাচাই করে রাখা ভালো।

অনলাইনে নামজারির আবেদনের সময় সাধারণত রেজিস্ট্রি করা মূল দলিল বা বায়না দলিলের সত্যায়িত কপি, আগের খতিয়ানের কপি, দাগ নম্বরসহ জমির বিস্তারিত তথ্য এবং আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হতে পারে। উত্তরাধিকারসূত্রে পাওয়া জমির ক্ষেত্রে ওয়ারিশ সনদ ও প্রযোজ্য ক্ষেত্রে মৃত্যুসনদও দিতে হয়। এ ছাড়া পূর্ণাঙ্গ আবেদন ফরম ও সরকারি ফি পরিশোধের রসিদ প্রয়োজন হতে পারে।

ই-নামজারি ব্যবস্থায় প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সঠিক থাকলে সাধারণত ২৮ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি হতে পারে। তবে নথিতে ভুল, তথ্যের ঘাটতি, জমি নিয়ে আপত্তি কিংবা কোনো আইনি বিরোধ থাকলে সময় আরও বেশি লাগতে পারে।

জমি কেনা কিংবা উত্তরাধিকারসূত্রে পাওয়ার পর তাই শুধু দলিল সংরক্ষণ করেই দায়িত্ব শেষ হয় না। সরকারি খতিয়ানে মালিকের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত ও রেকর্ড হালনাগাদ রাখা হলে ভবিষ্যতে জমি হস্তান্তর, কর প্রদান এবং মালিকানা-সংক্রান্ত বিভিন্ন জটিলতা এড়ানো সহজ হয়।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top