টানা ১০ দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি সক্রিয় অবস্থায় রয়েছে। ফলে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব এলাকায় আগামী ১০ দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও সামান্য কমতে পারে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এরপরের বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top