ভাটারায় পুরোনো বাউন্ডারি দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২

রাজধানীর ভাটারার শাহজাদপুরে নির্মাণাধীন একটি ভবনের পুরোনো বাউন্ডারি দেয়াল ধসে মাহিদ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে কয়েকজন শিশু দেয়ালের পাশে খেলাধুলা করার সময় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত মাহিদকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই শিশু স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

প্রতিবেশীদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই বাড়িতে পাইলিংয়ের কাজ শেষ করে ফাউন্ডেশনের কাজ চলছিল। বাড়িটির বাউন্ডারি দেয়ালটি ছিল পুরোনো ও ফাটলধরা। বিকেলে হঠাৎ সেটি ধসে পড়ে এবং পাশে খেলতে থাকা শিশুরা দুর্ঘটনার শিকার হয়।

মাহিদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়। সে পরিবারের সঙ্গে শাহজাদপুর এলাকায় থাকত। তার বাবা হাবিব প্রাইভেটকার চালক। এক ভাই ও এক বোনের মধ্যে মাহিদ ছিল ছোট।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top