স্থানীয় সরকার নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের তথ্যের ভিত্তিতে তৈরি তালিকায় দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত ভোটার তালিকার এই তথ্য জানান। নতুন তালিকায় পুরুষ ও নারী ভোটারের ব্যবধান কমে হয়েছে ২২ লাখ ৪৫ হাজার ৫৫৪ জন।

গত ১৪ মে প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকার সঙ্গে তুলনা করলে চূড়ান্ত তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪ লাখ ৫ হাজার ৪০৩ জন। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই ৩১ জুলাইকে কাট-অফ তারিখ ধরে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

আখতার আহমেদ জানান, কাট-অফ তারিখের পর যারা নতুন করে ভোটার হিসেবে নিবন্ধিত হচ্ছেন বা হবেন, তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আপাতত ভোট দিতে পারবেন না। তবে ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান প্রক্রিয়া হওয়ায় ভবিষ্যতে কমিশন কাট-অফ তারিখ পরিবর্তন করলে নতুন ভোটারদের যুক্ত করে তালিকা আবারও হালনাগাদ করা হতে পারে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল বা ভোটের নির্দিষ্ট তারিখ সম্পর্কে কোনো সময়সীমা জানাননি ইসি সচিব। তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য কমিশনের প্রশাসনিক প্রস্তুতি রয়েছে। সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হলে তা দ্রুত গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ভোটকেন্দ্রের সংখ্যাও এখনো চূড়ান্ত হয়নি। কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগে হবে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ নাকি সিটি করপোরেশন, তার ওপর কেন্দ্রের সংখ্যা নির্ভর করবে। নির্বাচনের পূর্ণ তফসিল ও রূপরেখা স্পষ্ট হওয়ার পর ভোটকেন্দ্রের সংখ্যা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top