কলকাতার হোটেলে নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি, গিয়েছিলেন চিকিৎসার জন্য

কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে জানা গেছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। বুধবার ভোর ৩টার দিকে নিউ মার্কেটের কাছে ওই হোটেলে আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং কয়েকজন অতিথি ভেতরে আটকা পড়েন।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি গাড়ি। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। হোটেলের ভেতরে ঘন ধোঁয়া থাকায় ওপরের তলায় পৌঁছাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজের পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনটি ঠান্ডা করার কাজও শুরু হয়। প্রাথমিকভাবে একটি এয়ার কন্ডিশনার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের তিন মন্ত্রী। তাদের মধ্যে ছিলেন পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্প বাণিজ্যমন্ত্রী তাপস রায় এবং পূর্ণিমা চক্রবর্তী।

কলকাতার এই অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে আগুনে অন্তত ৮ জন নিহত হন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ১৭ আগস্ট ভোরে তারাপীঠের হোটেল বিদেষিণীতে ওই আগুন লাগে। পাঁচতলা হোটেলটির নিচতলায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন ছড়িয়ে পড়ার সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।

তারাপীঠের ওই ঘটনায় কয়েকজন আহতও হন। নিহতদের মধ্যে মেঘালয়ের একই পরিবারের পাঁচজন সদস্য ছিলেন, যাদের মধ্যে দুটি শিশু ছিল। পরিবারটি হোটেলের ওপরের তলায় অবস্থান করছিল।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top