মার্কিন হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বাড়ছে আঞ্চলিক সংঘাতের শঙ্কা

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে তেহরান। প্রেস টিভি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানি বাহিনী। একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট জাহাজগুলোও নতুন ঝুঁকির মধ্যে পড়েছে।

ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফরেন পলিসি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরানের সক্ষমতা যাচাইয়ের চেষ্টা করা হয়েছে, তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে কঠিন মূল্য দিতে হবে।

লারাক দ্বীপে মার্কিন হামলায় কয়েকজন ইরানি সেনা নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। হামলার জবাবে আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র বলছে, হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতার নির্দিষ্ট কিছু অংশ। আল জাজিরাকে দেওয়া বক্তব্যে এক মার্কিন কর্মকর্তা জানান, হরমুজ প্রণালির দিকে রকেট নিক্ষেপের প্রস্তুতি নেওয়া কয়েকটি লঞ্চারকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল।

এর আগে গত ২৪ আগস্ট তেহরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে ওই পদক্ষেপের পর দুই দেশের সামরিক উত্তেজনা কিছুটা কমতে পারে বলে ধারণা করেছিলেন কয়েকজন বিশ্লেষক।

তবে সেই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হয়নি। রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে ইরানে আবারও হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পরপরই ইরানের পাল্টা হামলা শুরু হওয়ায় দুই দেশের সরাসরি সংঘাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বর্তমানে সবচেয়ে বড় আশঙ্কা তৈরি হয়েছে হরমুজ প্রণালিকে ঘিরে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা বাড়লে এর প্রভাব শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top