বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ দেশে আরও ১০ দিন বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি সক্রিয় রয়েছে। এ পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী ১০ দিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তবে সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল ৯টার পরের ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবারের পরও বৃষ্টির প্রবণতা পুরোপুরি কমার সম্ভাবনা নেই। পরবর্তী বর্ধিত পাঁচ দিনেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব থাকতে পারে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top