নতুন টি-টোয়েন্টি লিগে ম্যাক্সওয়েল-স্মিথদের লড়াই শুরু আজ

ইউরোপের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির নতুন অধ্যায় শুরু হচ্ছে আজ। প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ। ছয় দলের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, রবিচন্দ্রন অশ্বিন, হাইনরিখ ক্লাসেনসহ আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত একাধিক তারকা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রটারডাম ডকার্স ও আমস্টারডাম ফ্লেমস। নেদারল্যান্ডসের ভুরবার্গের স্পোর্টপার্ক ডুইভেস্টেইনে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

২০ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি। সব মিলিয়ে ম্যাচ হবে ৩২টি। এর মধ্যে লিগ পর্বে ৩০টি ম্যাচের পর ১৯ সেপ্টেম্বর হবে কোয়ালিফায়ার এবং পরদিন অনুষ্ঠিত হবে ফাইনাল।

লিগ পর্বে ছয়টি দল পরস্পরের বিপক্ষে দুবার করে খেলবে। ফলে প্রতিটি দল ১০টি করে ম্যাচ পাবে। পয়েন্ট তালিকার শীর্ষ দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল খেলবে কোয়ালিফায়ারে। ওই ম্যাচের জয়ী দল ফাইনালে শীর্ষ দলের মুখোমুখি হবে।

টুর্নামেন্টে নেদারল্যান্ডসের দুটি, আয়ারল্যান্ডের দুটি এবং স্কটল্যান্ডের দুটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। আমস্টারডাম ফ্লেমস ও রটারডাম ডকার্স নেদারল্যান্ডসের, ডাবলিন গার্ডিয়ানস ও বেলফাস্ট উলভস আয়ারল্যান্ডের এবং এডিনবরা ক্যাসল রকার্স ও গ্লাসগো কসমিক স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করবে।

আমস্টারডাম ফ্লেমসের নেতৃত্বে থাকবেন নেদারল্যান্ডসের উইকেটকিপার ব্যাটসম্যান স্কট এডওয়ার্ডস। তাঁর দলে আছেন স্টিভ স্মিথ, টিম ডেভিড ও অজিঙ্কা রাহানে।

রটারডাম ডকার্সের অধিনায়ক দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। দলটিতে রয়েছেন হাইনরিখ ক্লাসেন, আনরিখ নরকিয়া ও ডেভিড ভিসা।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নেতৃত্বে খেলবে বেলফাস্ট উলভস। এই দলে আছেন ডেভন কনওয়ে, ডেভিড মিলার, পল স্টার্লিং ও ক্রিস জর্ডান।

ডাবলিন গার্ডিয়ানসের অধিনায়ক ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দলটিতে রয়েছেন জেমস ভিন্স, ড্যারিল মিচেল, জশ লিটল ও বিজয় শঙ্কর। ডাবলিনের সহমালিকদের একজন ভারতের সাবেক কোচ রাহুল দ্রাবিড়। কোচিং স্টাফে আছেন সাবেক ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

এডিনবরা ক্যাসল রকার্সকে নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার। তাঁর সতীর্থদের মধ্যে রয়েছেন ট্রেন্ট বোল্ট, টম কারান, লরি ইভান্স ও ব্র্যান্ডন ম্যাকমুলেন।

অন্যদিকে স্কটল্যান্ডের জর্জ মানসির নেতৃত্বে মাঠে নামবে গ্লাসগো কসমিক। দলে রয়েছেন লিয়াম লিভিংস্টোন, জেসন রয়, জিমি নিশাম, কেশব মহারাজ ও লুঙ্গি এনগিডি।

প্রতিযোগিতার প্রথম ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভুরবার্গে। এরপর লিগ পর্বের বাকি ম্যাচ, কোয়ালিফায়ার ও ফাইনাল হবে আয়ারল্যান্ডের ডাবলিনের মালাহাইডে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top