জার্মান কাপে সমর্থক-পুলিশ সংঘর্ষে আহত ৮৫, হাসপাতালে ৮

জার্মান কাপের ম্যাচকে ঘিরে সমর্থক ও পুলিশের সংঘর্ষে ৮৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩৫ জন নিরাপত্তাকর্মী রয়েছেন। শুক্রবার রাতে ভালসহফ ম্যানহাইম ও কাইজারস্লাউটার্নের মধ্যকার উচ্চ-ঝুঁকির ডার্বি ম্যাচে এই সহিংসতার ঘটনা ঘটে।

দুই শহরের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার কারণে ম্যাচটির আগে থেকেই নিরাপত্তা নিয়ে সতর্ক ছিল কর্তৃপক্ষ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কাইজারস্লাউটার্নের সমর্থকেরা মূল স্ট্যান্ডের দিকে ফ্লেয়ার ছুড়লে ম্যানহাইমের সমর্থকেরা মাঠে ঢুকে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ১ হাজার ৪০০ দাঙ্গা পুলিশ সদস্য মাঠে নামেন এবং সমর্থকদের গ্যালারিতে ফেরত পাঠান।

সহিংসতার কারণে ম্যাচ প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে। পরে খেলা পুনরায় শুরু হলে ১২০তম মিনিটে গোল করে জয় নিশ্চিত করে কাইজারস্লাউটার্ন।

ম্যানহাইম পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, সংঘর্ষে ফেডারেল পুলিশের ৩৩ জন এবং রাজ্য পুলিশের ২ জন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। সব মিলিয়ে ৮৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর সহিংসতার কারণ ও দায়ীদের শনাক্ত করতে একাধিক তদন্ত শুরু করেছে জার্মান কর্তৃপক্ষ। পুলিশের ওপর হামলা, স্টেডিয়ামের ক্ষয়ক্ষতি, শৃঙ্খলা ভঙ্গ এবং বিস্ফোরক আইন লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকটি মামলা দায়েরের প্রক্রিয়াও শুরু হয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top