অনূর্ধ্ব-২০ দলের হোটেলে দুই কোচের ধাক্কাধাক্কি, পুলিশ ডাকলেন জেরার্ড জোন্স

উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নেওয়ার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের টিম হোটেলে অস্বস্তিকর এক ঘটনা ঘটেছে। গত বুধবার ইংলিশ কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমানের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘটনার পর জেরার্ড জোন্স ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ টিম হোটেলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়ে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

দুই কোচের মধ্যে বিরোধের সূত্রপাত কী নিয়ে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। একইভাবে জোন্স ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে ঠিক কী অভিযোগ করেছিলেন, সেটিও স্পষ্ট নয়।

এ বিষয়ে দলের ম্যানেজার সামিদ কাশেম বলেন, বাফুফের ডেভেলপমেন্ট কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। তাঁর আশা, খুব শিগগিরই এর একটি সমাধান হবে।

তবে ডেভেলপমেন্ট কমিটির অনেক সদস্যই ঘটনাটি সম্পর্কে অবগত নন। কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদিকে বিষয়টি জানানো হলেও তিনি কোনো মন্তব্য করেননি। কমিটির আরেক সদস্য মঞ্জুরুল করিম জানিয়েছেন, এমন ঘটনা ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনা নিয়ে জেরার্ড জোন্সের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও কোনো জবাব দেননি তিনি।

আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ২৭ আগস্ট দেশ ছাড়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার আগে কোচিং স্টাফের দুই সদস্যের বিরোধ দলের প্রস্তুতি ও টিম হোটেলের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top