ডার্বি নয়, পুরোনো ক্লাব শেফিল্ড ইউনাইটেডেই ফিরছেন হামজা

লেস্টার সিটি ছাড়ার পথে থাকা বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীর পরবর্তী ঠিকানা হিসেবে শেফিল্ড ইউনাইটেডের নামই সামনে এসেছে। ডার্বি কাউন্টিতে যাওয়ার আলোচনা চললেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়নশিপের ক্লাবটির সঙ্গেই তাঁর স্থায়ী দলবদলের বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

২৮ বছর বয়সী হামজা এখন শেফিল্ড ইউনাইটেডের মেডিক্যাল পরীক্ষার অপেক্ষায় আছেন। সেটি সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিক চুক্তির প্রক্রিয়া শেষ হবে।

শেফিল্ডে ফিরলে এটি হবে হামজার পরিচিত পরিবেশে প্রত্যাবর্তন। গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে ক্লাবটির হয়ে খেলেছিলেন তিনি। চ্যাম্পিয়নশিপে ১৯ ম্যাচে মাঠে নেমে ১৬টিতে শুরু থেকেই খেলেছেন এই মিডফিল্ডার। তাঁর পারফরম্যান্সে শেফিল্ড প্লে-অফ ফাইনালে উঠলেও সান্দারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ হারায়।

হামজার দলবদলের সম্ভাবনা চলতি মাসেই আরও স্পষ্ট হয়ে ওঠে। লেস্টার সিটির হয়ে লিগ ওয়ানের প্রথম তিন ম্যাচে খেললেও ইপসউইচ টাউন ও এমকে ডনসের বিপক্ষে তাঁকে স্কোয়াডে রাখা হয়নি। লেস্টার কোচ রাসেল মার্টিনও জানিয়েছিলেন, দলবদলের সম্ভাবনার সঙ্গে হামজাকে বাইরে রাখার বিষয়টির সম্পর্ক রয়েছে।

শৈশব থেকেই লেস্টারের সঙ্গে যুক্ত হামজা সাত বছর বয়সে ক্লাবটির একাডেমিতে যোগ দেন। ২০১৭ সালে লেস্টারের মূল দলে অভিষেকের আগে বার্টন অ্যালবিয়নে ধারে খেলেছিলেন তিনি। পরে ওয়াটফোর্ডেও ধারে খেলেছেন। লেস্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর ম্যাচসংখ্যা ১৬৬।

শেফিল্ড ইউনাইটেডের হামজাকে নেওয়ার আগ্রহের পেছনে দলটির রাইটব্যাক ফেমি সেরিকির চোটও ভূমিকা রাখছে। একাধিক পজিশনে খেলতে পারা হামজা মিডফিল্ডের পাশাপাশি রাইটব্যাক হিসেবেও দায়িত্ব পালন করতে পারেন। ফলে তাঁর বহুমুখী সক্ষমতাকে কাজে লাগিয়ে চোটজনিত ঘাটতি সামাল দেওয়ার সুযোগ দেখছে ক্রিস ওয়াইল্ডারের দল।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top