ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিষিদ্ধ হওয়া আর্জেন্টিনার তিন ফুটবলার ও কোচিং স্টাফের এক সদস্যের শাস্তি নিয়ে পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এর ফলে লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদাকে শুধু প্রতিযোগিতামূলক ম্যাচে নিষেধাজ্ঞা শেষ হওয়ার অপেক্ষায় থাকতে হবে না।
ফিফার আগের সিদ্ধান্ত অনুযায়ী পারেদেসকে ১০ ম্যাচ, মোলিনাকে ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। শাস্তি দ্রুত শেষ করার সুযোগ দিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ফিফার কাছে বিশেষ অনুরোধ জানিয়েছিল।
এএফএ চেয়েছিল, আন্তর্জাতিক উইন্ডোর ‘এ’ শ্রেণির প্রীতি ম্যাচেও যেন নিষেধাজ্ঞা কার্যকর হয়। ফিফা সেই অনুরোধ অনুমোদন করায় এখন প্রীতি ও আনুষ্ঠানিক ম্যাচ উভয় ক্ষেত্রেই শাস্তির ম্যাচ গণনা করা হবে। ফলে চলতি বছরের শেষ দিকে এবং ২০২৭ সালের শুরুর দিকে আন্তর্জাতিক সূচিতে থাকা ম্যাচগুলোতে তিন খেলোয়াড়ের নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসার সুযোগ তৈরি হয়েছে।
এএফএর বিবৃতি অনুযায়ী, ফিফার ডিসিপ্লিনারি কমিটি প্রচলিত নিয়ম মেনেই এই অনুমোদন দিয়েছে। জানা গেছে, চলতি বছরের বাকি সময়ে আর্জেন্টিনা ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে।
তবে শাস্তির এই পরিবর্তনের পরও বিষয়টি নিয়ে আইনি লড়াই চালিয়ে যেতে চায় এএফএ। প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার পর নিয়ম মেনে ফিফার আপিল কমিটিতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে তারা।
এএফএর আইনি উপদেষ্টা আন্দ্রেস পাতন এরই মধ্যে নিষেধাজ্ঞার মাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, শাস্তি মাত্রাতিরিক্ত হয়েছে। আপিল কমিটিতে আবেদন করে ফল না এলে শেষ পর্যন্ত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এর দ্বারস্থ হতে পারে আর্জেন্টিনা।


