৩৫ বছর পর সাংবিধানিক প্রক্রিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনকে গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদে যে সংশোধনী আনা হবে, তার ভিত্তিতেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার আগে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর সাংবিধানিক নিয়মে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। এবার সরকার ও বিরোধী দল উভয় পক্ষের প্রার্থী রয়েছে। অতীতে কয়েকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলেও এবার প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচন হওয়াকে তিনি গণতান্ত্রিক ধারার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, এর মধ্য দিয়ে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে এবং দেশে গণতান্ত্রিক ধারার নতুন সূচনা হবে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, সেখানে বিরোধী দলের সদস্যরা এখনো যোগ দেননি। তবে ভবিষ্যতে সংবিধান সংশোধনের সময় ৭০ অনুচ্ছেদেও পরিবর্তন আসবে।
তিনি জানান, জুলাই জাতীয় সনদে এ বিষয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে। সেখানে চারটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অর্থবিল ও আস্থাভোটসহ দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটামুটি ঐকমত্য রয়েছে বলে জানান তিনি।
আস্থাভোট ও অভিশংসনের ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদের আওতায় সংসদ সদস্যদের স্বাধীনতা থাকবে না বলেও জানান সালাহউদ্দিন আহমদ। তবে সংবিধান সংশোধনসংক্রান্ত বিল এবং যুদ্ধ পরিস্থিতিতে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ থাকবে কি না, এ দুটি বিষয়ে বিএনপির পক্ষ থেকে নোট অব ডিসেন্ট রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বিএনপির অবস্থান হলো, এই দুই ক্ষেত্রেও সংসদ সদস্যদের দলের মতামত অনুসরণ করে ভোট দিতে হবে। অন্যদিকে আরেকটি বড় বিরোধী দল সংবিধান সংশোধনের বিষয়ে দ্বিমত পোষণ করেনি বলেও জানান তিনি।
যুদ্ধ পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট না দেওয়ার পক্ষে অবস্থান ব্যাখ্যা করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি দেশের ও জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত। জুলাই জাতীয় সনদে যেভাবে সমঝোতা হয়েছে, সেভাবেই ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হলে পরবর্তী সময়ে সেই সংশোধিত বিধান অনুসরণ করেই প্রেসিডেন্ট নির্বাচন হবে।
তবে বর্তমান সময়ে সংবিধান সংশোধন এখনো হয়নি বলেও স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


