গ্যাস সংকট কাটাতে জ্বালানি সচিবকে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

তীব্র গ্যাস সংকটের মধ্যে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকটের কারণ ও বর্তমান পরিস্থিতি জানতে বৃহস্পতিবার জ্বালানি সচিব মো. জিয়াউল হককে ডেকে সরবরাহ পরিস্থিতির খোঁজ নেন তিনি।

জ্বালানি বিভাগের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি সচিবের অনানুষ্ঠানিক বৈঠক হয়। সেখানে গ্যাস সরবরাহের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা এবং দ্রুত সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে বৈঠক নিয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সামিটের এলএনজি টার্মিনালে শুক্রবার বিকেল ৪টার দিকে একটি কার্গো পৌঁছেছে। তবে এই কার্গো থেকে তাৎক্ষণিকভাবে জাতীয় গ্রিডে অতিরিক্ত গ্যাস সরবরাহ বাড়ানোর সুযোগ নেই। সংশ্লিষ্টরা বলছেন, সামিটের টার্মিনাল বর্তমানে সর্বোচ্চ সক্ষমতায় গ্যাস সরবরাহ করছে।

ফলে সরবরাহ বাড়াতে এখন অপেক্ষা করতে হচ্ছে পরবর্তী এলএনজি কার্গোর জন্য। পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগামী ২৩ আগস্ট আরেকটি এলএনজি কার্গো দেশে পৌঁছানোর কথা রয়েছে। সেটি এলে এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকেও পুনরায় গ্যাস সরবরাহ শুরু করা সম্ভব হবে। এর আগে এলএনজি থেকে জাতীয় গ্রিডে সরবরাহ বাড়ানোর সুযোগ নেই।

গ্যাস সংকটের মধ্যেই এলএনজি আমদানি ও এর অর্থায়ন নিয়ে বৃহস্পতিবার বিকেলে অর্থ বিভাগের সঙ্গে বৈঠক করেছে জ্বালানি বিভাগ। বৈঠকে দ্রুত গ্যাস সরবরাহ বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনা করেন।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top