মহাসড়কে এআই ক্যামেরা, চাঁদাবাজি কমার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা চালুর ফলে চাঁদাবাজি কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মালিকপক্ষ, শ্রমিক ফেডারেশন বা পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের চাঁদাবাজি হলে ক্যামেরায় তা রেকর্ড থাকার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় ও এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হয়েছে।

নতুন ব্যবস্থায় নির্ধারিত গতিসীমা অতিক্রম, ট্রাফিক আইন ভঙ্গ, উল্টো পথে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং সাইন-সিগন্যাল অমান্যসহ বিভিন্ন অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। এরপর জরিমানা আরোপের তথ্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে পাঠানো হবে।

জরিমানার তথ্য গাড়ির মালিকের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। নির্ধারিত মুঠোফোন আর্থিক সেবার মাধ্যমেও জরিমানার টাকা পরিশোধ করা যাবে। কোনো গাড়ি তিনবার জরিমানার আওতায় পড়লে তার নিবন্ধন বাতিল করা হবে কি না, সে বিষয়ে বিআরটিএর বিদ্যমান আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিস্টেমটি চালুর পর এর বিভিন্ন ভুলত্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও অটো ফাইন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। জনগণকে এ বিষয়ে জানাতে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশ পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালাবে।

মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিন চাকার যানগুলোকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করা হবে। তবে মহাসড়কে নন-মোটরাইজড যানবাহন বা থ্রি-হুইলার চলাচলের অনুমতি দেওয়া হবে না। লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে মালিক, শ্রমিক ও পুলিশ—সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top