যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে অস্কারজয়ী অভিনেত্রী, রাজনীতিকসহ অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন, এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হান্না আইনবাইন্ডার, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসপ্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ের এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
তবে পুলিশের তথ্যের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার মিডটাউন ম্যানহাটন এলাকায় নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়।
জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভের আয়োজন করে ইহুদি অধিকারগোষ্ঠী ‘জিউইশ ভয়েস ফর পিস’। ফিলিস্তিনিদের সমর্থনকারী এই সংগঠনের আয়োজনে প্রায় ২০০ মানুষ সেখানে জড়ো হন। তাঁদের অনেকের পরনে ছিল একই ধরনের সাদা টি-শার্ট। তাতে লেখা ছিল, ‘বোমা নয়, মানুষের জন্য অর্থ দাও’, ‘যুদ্ধ নয়’ এবং ‘ফিলিস্তিন মুক্ত করো’।
বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ লাউডস্পিকারে তাঁদের সরে যেতে বলে। কয়েকজন ফুটপাতে চলে গেলেও একটি দল রাস্তায় বসে নেতানিয়াহুবিরোধী স্লোগান দিতে থাকে। একপর্যায়ে সাইকেলে থাকা পুলিশ সদস্যরা তাঁদের ঘিরে ফেলেন।
পুলিশ বিক্ষোভকারীদের একে একে সেখান থেকে সরিয়ে নেয়। তাঁদের হাত পেছনে নিয়ে প্লাস্টিকের বন্ধনী দিয়ে বেঁধে পুলিশের বাসে তোলা হয়। এ সময় বাইরে থাকা বিক্ষোভকারীরা নেতানিয়াহুবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানিজেহ মোরাদিয়ান বলেন, গাজায় যা করা হচ্ছে, তাতে একটি পুরো সমাজকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে এবং এর সঙ্গে যুক্তরাষ্ট্রের নাম ও করের অর্থ জড়িত। তাঁর ভাষ্য, এসবের বিরুদ্ধে কথা বলা তাঁদের দায়িত্ব এবং এ ধরনের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরতে জাতিসংঘের মঞ্চ ব্যবহারের অধিকার নেতানিয়াহুর নেই।
এদিকে সাধারণ পরিষদে দেওয়া ভাষণে নেতানিয়াহু গাজাসহ অঞ্চলটিতে ইসরায়েলের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিচ্ছিন্নতা বাড়ার প্রেক্ষাপটে তাঁর বক্তব্যে সেই পরিস্থিতি মোকাবিলার বিষয়টিও গুরুত্ব পায়।
নেতানিয়াহু বক্তব্য দিতে মঞ্চে ওঠার সময় জাতিসংঘের অধিবেশন কক্ষেও প্রতিবাদের চিত্র দেখা যায়। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিদের একটি অংশ কক্ষ ছেড়ে বেরিয়ে যান। কেউ কেউ তাঁকে উদ্দেশ করে দুয়োও দেন। তবে নেতানিয়াহুর নিজস্ব প্রতিনিধিদলের সদস্যরা দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানিয়ে করতালি দেন।


