নেপাল-চীন সীমান্তের তিব্বতসংলগ্ন এলাকায় আকস্মিক বন্যায় ৩৮৪ পর্যটক নিখোঁজ হয়েছেন। তাঁদের মধ্যে ২৯১ জন বিদেশি পর্যটক। বুধবার (২৬ আগস্ট) নেপাল পর্যটন বোর্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের রাসুয়া জেলা। নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হলেও নিরাপদে অবতরণের জায়গা না পাওয়ায় সেটি ফিরে আসে। বন্যার পানিতে স্থানীয় একটি হেলিপ্যাডও ভেসে গেছে।
রাসুয়া জেলার প্রধান কর্মকর্তা নরেন্দ্র পারিয়ার জানিয়েছেন, আকস্মিক বন্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই এলাকায় বৃষ্টিপাতের কোনো খবরও পাওয়া যায়নি। উজানে কোনো হিমবাহ হ্রদ ফেটে এই বন্যা হয়েছে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।
স্থানীয় বাসিন্দা অজয় শ্রেষ্ঠা বলেন, বন্যার উৎস সম্পর্কে তারা নিশ্চিত নন। তাঁর কাছে ঘটনাটি অনেকটা বাঁধ ভেঙে হঠাৎ পানি নেমে আসার মতো মনে হয়েছে।
এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উজানে চীনের তিব্বত অংশ থেকে নেমে আসা প্রবল পানির ঢল নেপালের ভোটেকোশি ও ত্রিশূলি নদীতে গিয়ে ভয়াবহ বন্যা সৃষ্টি করতে দেখা গেছে। পানির তীব্র স্রোতে সেতু ও নদীর তীরের বিভিন্ন স্থাপনা ভেসে যেতে দেখা যায়।


