অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ চায় ব্রাজিল

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৫ অথবা ৬ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বাফুফের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে প্রস্তাবটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ রয়েছে। ৩ অক্টোবর হবে আসিয়ান কাপের ফাইনাল।

অন্যদিকে, ব্রাজিলের প্রস্তাবিত ম্যাচের সময়সূচি সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষ হওয়ার পরপরই। ওই উইন্ডো শেষ হবে ৬ অক্টোবর। বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিল প্রায় ৯০ সদস্যের একটি বহর নিয়ে ঢাকায় আসার পরিকল্পনা করেছে।

ব্রাজিলের এই আগ্রহের মধ্যে গতকাল ঢাকায় আসে সিবিএফের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে আসা প্রতিনিধিরা বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে যান। সেখানে মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্সসহ স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে তারা বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন।

রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেন সিবিএফ প্রতিনিধিরা। এ সময় ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসও উপস্থিত ছিলেন।

৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। ওই ম্যাচ আয়োজনের জন্যই ভারত ফুটবল ফেডারেশন ফিফা আসিয়ান কাপ থেকে সরে দাঁড়িয়েছিল। পরে ভারতের জায়গায় বাংলাদেশকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানায় ফিফা।

ব্রাজিল জাতীয় দল এর আগে কখনো বাংলাদেশে খেলতে আসেনি। তবে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন লিওনেল মেসি।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top