সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় বাড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী।
সমঝোতার ফলে সমুদ্রপথে জীবন রক্ষা, জাহাজের নিরাপত্তা, জাহাজ থেকে দূষণ প্রতিরোধ, বন্দর ও জাহাজের নিরাপত্তা এবং অনুসন্ধান ও উদ্ধারসংক্রান্ত আন্তর্জাতিক বিধান বাস্তবায়নে দুই প্রতিষ্ঠানের সমন্বয় আরও জোরদার হবে বলে জানিয়েছেন রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। নিয়মিত যোগাযোগ, তথ্য বিনিময়, যৌথ প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে এর সুফল পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
কমডোর মো. শফিউল বারী বলেন, দেশের সমুদ্রসীমা, উপকূল, বন্দর ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। আন্তর্জাতিক সামুদ্রিক কনভেনশনের আওতায় বাংলাদেশের দায়িত্ব বাস্তবায়নেও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এমওইউ অনুযায়ী সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা, তথ্য ও কারিগরি তথ্য বিনিময়, যৌথ সভা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি মহড়ার সুযোগ তৈরি হবে। আন্তর্জাতিক অডিট ও যাচাইয়ের জন্য প্রয়োজনীয় বাস্তবায়নসংক্রান্ত তথ্য ও প্রমাণ সংরক্ষণেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করতে পারবে।
নৌপরিবহন অধিদপ্তর নীতিমালা, বিধিবিধান ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা বাস্তবায়নে কাজ করে, আর কোস্ট গার্ড সামুদ্রিক এলাকায় আইন প্রয়োগ ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে। দুই প্রতিষ্ঠানের সক্ষমতা সমন্বিতভাবে কাজে লাগানো গেলে সামুদ্রিক দুর্ঘটনা প্রতিরোধ, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া, দূষণ নিয়ন্ত্রণ এবং জাহাজ ও বন্দর নিরাপত্তা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
এ সমঝোতায় প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, নিয়মিত বাস্তবায়ন পর্যালোচনা, অনুসন্ধান ও উদ্ধার বিষয়ে অভ্যন্তরীণ প্রশিক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী মানসম্মত পরিচালন পদ্ধতি হালনাগাদের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


