সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর দ্বিতীয় দফা জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার নিহতদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়। নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা সোয়া ১০টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে।
গত ৯ আগস্ট সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। পরে নিহতদের মধ্যে নয়জনের পরিচয় শনাক্ত করা হয় এবং তাদের মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


