কামিন্সের সমর্থন পেলেন কারাবন্দী ইমরান, চাইলেন সুচিকিৎসা ও পরিবারের সাক্ষাৎ

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবিতে এবার সরব হয়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স। ৭৩ বছর বয়সী ইমরানের পক্ষে দেওয়া একদল সাবেক আন্তর্জাতিক অধিনায়কের চিঠিতেও সমর্থন জানিয়েছেন তিনি।

ইমরান খান তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দী। তাঁর চিকিৎসা ও ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়ে ২৪ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি পাঠান ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। বর্তমান ক্রিকেটারদের মধ্যে কামিন্সই প্রথম অধিনায়ক, যিনি প্রকাশ্যে ইমরানের পক্ষে অবস্থান নিলেন।

ওই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রাউস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট। নারী ক্রিকেটের সাবেক দুই অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েলও এতে সই করেছেন।

অস্ট্রেলিয়ার ‘দ্য গ্রেড ক্রিকেটার’ অনুষ্ঠানে চিঠিটি লেখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে গ্রেগ চ্যাপেল ইমরানের শারীরিক ও মানসিক অবস্থার কথা তুলে ধরেন। তিনি জানান, ছয় বছর আগে পাকিস্তানে ইমরানের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তখন ইমরান শক্ত-সামর্থ ছিলেন। চ্যাপেলের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তাঁর ডান চোখে সমস্যা দেখা দিয়েছে এবং তিনি কষ্টে আছেন।

চ্যাপেল আরও বলেন, দীর্ঘ সময় ধরে একাকী বন্দিত্ব ইমরানের জন্য শারীরিক ও মানসিকভাবে ক্ষতিকর হতে পারে। তাঁর দাবি, ইমরানের নিজের ও পরিবারের প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চ্যাপেলের ভিডিও শেয়ার করে কামিন্স বলেন, তিনি সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের সঙ্গে ইমরানের পক্ষে সমর্থন জানাচ্ছেন। আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান যেন যথাযথ চিকিৎসাসেবা পান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ চালিয়ে যেতে পারেন, সেই সুযোগ দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

কামিন্স আরও বলেন, ইমরান খানের সঙ্গে এমন মর্যাদাপূর্ণ আচরণ করা উচিত, যে মর্যাদা প্রত্যেক মানুষের প্রাপ্য।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top