নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক প্লাবনে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে পৌঁছেছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
তবে এই সংখ্যা চূড়ান্ত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনো বিভিন্ন এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। একই সঙ্গে বিভিন্ন জেলার তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজও অব্যাহত রয়েছে। এর মধ্যে শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
গত বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলের রাসুয়া ও আশপাশের জেলাগুলোতে ভয়াবহ পলি ও বরফধসের ঘটনা ঘটে। এর পরপরই ভোটেকোশি ও ত্রিশূলি নদীতে আকস্মিকভাবে তীব্র প্লাবন দেখা দেয়।
প্রবল স্রোতে অল্প সময়ের মধ্যেই ঘরবাড়ি, সেতু, সড়কসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত ও ভেসে যায়। এতে বিস্তীর্ণ এলাকার সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বহু যাত্রীও দুর্গত এলাকায় আটকা পড়েন।
উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলমান থাকায় মৃতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


