ই-১ বসতি প্রকল্প নিয়ে ইসরায়েলের ওপর মিত্রদেরও চাপ

অধিকৃত পশ্চিম তীরে বিতর্কিত ই-১ (E1) বসতি প্রকল্পের দরপত্র প্রকাশের ঘটনায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে ডেনমার্ক, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, কানাডা ও ইউরোপীয় কমিশন। যৌথ বিবৃতিতে দেশ ও জোটগুলো এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ই-১ এলাকায় নির্মাণকাজ এগিয়ে গেলে পশ্চিম তীর কার্যত দ্বিখণ্ডিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক ধারাবাহিকতা নষ্ট হবে এবং ভবিষ্যতে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার কথা উল্লেখ করে যৌথ বিবৃতিতে আবারও বলা হয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের অধীনে বেআইনি।

বিবৃতিতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনের অর্থনীতির ওপর আরোপ করা কঠোর বিধিনিষেধ নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। একই সঙ্গে ইসরায়েলকে বসতি সম্প্রসারণ বন্ধ করে ই-১ প্রকল্প থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থানকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও সতর্ক করেছে দেশগুলো।

ই-১ প্রকল্পের দরপত্রে অংশ নেওয়া থেকে বেসরকারি ও বাণিজ্যিক নির্মাণ প্রতিষ্ঠানগুলোকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক জোটের সতর্কবার্তা অনুযায়ী, প্রকল্পটির সঙ্গে যুক্ত হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো আইনি জটিলতার মুখে পড়তে পারে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে তাদের সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top