২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে সেই প্রক্রিয়ায় রয়েছেন, এমন প্রায় ২ লাখ বিদেশির ব্যবসা ও পর্যটন ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পরিকল্পনাটি কার্যকর হলে দেশটির ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা হতে পারে এটি।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি এবং দুই মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু করা বি-১ ও বি-২ ভিসাধারীদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে আবেদন করছেন, তাদের ভিসা বাতিলের আওতায় আনা হতে পারে। এ প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও যুক্ত থাকবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেছেন, স্বল্পমেয়াদি ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে অ-অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর যারা আশ্রয়ের আবেদন করে দেশটিতে স্থায়ীভাবে থাকার চেষ্টা করছেন, তাদের শনাক্ত করে ভিসা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

তবে প্রায় ২ লাখ মানুষের ভিসা বাতিলের যে সংখ্যা বলা হচ্ছে, সেটি এখনো চূড়ান্ত নয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রক্রিয়াটি চলমান থাকায় ঠিক কতজনের ভিসা বাতিল করা হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কোনো পরিবর্তন বা আইনি বাধা না এলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে এপি।

ভিসা বাতিল হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের সবাইকে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে, এমন নয়। যাদের আশ্রয়ের আবেদন বিচারাধীন, তাদের অভিবাসন-সংক্রান্ত অবস্থান নতুন করে নির্ধারণ করা হতে পারে। তবে ব্যবসা বা পর্যটন ভিসার অধিকার হারাবেন তারা।

ট্রাম্প প্রশাসন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, গত ১৮ মাসে বিভিন্ন অপরাধ, ভিসার শর্ত লঙ্ঘন কিংবা জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কারণ দেখিয়ে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

নতুন উদ্যোগকে যুক্তরাষ্ট্রের আশ্রয়ব্যবস্থা নিয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনের কর্মকর্তাদের দাবি, কিছু বিদেশি ব্যবসা ও পর্যটন ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ব্যবস্থাকে স্থায়ীভাবে দেশটিতে থাকার পথ হিসেবে ব্যবহার করছেন।

তবে প্রায় ২ লাখ মানুষের ভিসা একসঙ্গে বাতিলের মতো বড় উদ্যোগ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ফলে পরিকল্পনাটি শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হবে এবং এর গতি কেমন হবে, তা আদালতের সিদ্ধান্তসহ বিভিন্ন আইনি ও প্রশাসনিক বিষয়ের ওপর নির্ভর করতে পারে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top