নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রোববার বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়।
এরপর ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগোনালে প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।
বঙ্গভবনে দায়িত্ব পালনের প্রথম দিনে প্রেসিডেন্ট তাঁর অফিস কক্ষে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।


