স্প্যানিশ লা লিগায় নাটকীয় এক ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াদ এয়ার মেট্রোপলিতানোতে ১০ জনের দল হয়ে পড়ার পরও শেষ মুহূর্তে হুলিয়ান সিমেওনের গোলে হার এড়িয়েছে দিয়েগো সিমেওনের দল।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর বদলে যায় পুরো চিত্র। চার গোল, দুটি পেনাল্টি এবং একটি লাল কার্ডের ঘটনায় জমে ওঠে ম্যাচ। অ্যাটলেটিকোর হয়ে গোল করেন মার্ক পুবিল ও হুলিয়ান সিমেওনে। ভিয়ারিয়ালের গোল দুটি করেন জেরার্দ মোরেনো ও জর্জেস মিকাউতাদজে।
প্রথমার্ধে দুই দলই কয়েকবার গোলের সুযোগ তৈরি করে। অ্যাটলেটিকোর আলেহান্দ্রো গ্রিমালদোর বাঁকানো শট ঠেকিয়ে দেন ভিয়ারিয়ালের গোলরক্ষক লুইজ জুনিয়র। নিকোলাস পেপের শটও প্রতিহত হয়। বিরতির আগে আয়োসে পেরেজের প্রচেষ্টা ঠেকিয়ে স্বাগতিকদের গোলশূন্য রাখেন ইয়ান ওবলাক।
দ্বিতীয়ার্ধের শুরুতেও পেপের শট ঠেকাতে হয় ওবলাককে। তবে ৫৯ মিনিটে আর অ্যাটলেটিকোকে আটকে রাখা যায়নি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে ভিয়ারিয়ালের গোলরক্ষককে পরাস্ত করে স্বাগতিকদের এগিয়ে দেন ফুলব্যাক মার্ক পুবিল।
অবশ্য অ্যাটলেটিকোর সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। মর্তেন হুলমান্ডের ফাউলের পর পাওয়া পেনাল্টি নিচের কোণে পাঠিয়ে ৬০ মিনিটের পরই ভিয়ারিয়ালকে সমতায় ফেরান জেরার্দ মোরেনো।
ম্যাচের সবচেয়ে বড় মোড় আসে ৭৬ মিনিটে। বক্সের মধ্যে জর্জেস মিকাউতাদজেকে ফাউল করায় ভিএআরের পর সরাসরি লাল কার্ড দেখেন অ্যাটলেটিকোর রবিন লে নরমাঁ। ফলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
এর পরের মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মিকাউতাদজে। একজন খেলোয়াড় কম থাকায় তখন অ্যাটলেটিকোর ম্যাচে ফেরাটা কঠিন বলেই মনে হচ্ছিল।
তবে ম্যাচের শেষ মুহূর্তে সেই পরিস্থিতি বদলে দেন হুলিয়ান সিমেওনে। দ্রুত পাল্টা আক্রমণ থেকে আলেক্স বায়েনার পাস পেয়ে জালে বল পাঠিয়ে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান তিনি।
শেষ পর্যন্ত ১০ জন নিয়েও ঘরের মাঠে হার এড়ায় অ্যাটলেটিকো। অন্যদিকে জয় প্রায় নিশ্চিত করে ফেলেও শেষ মুহূর্তের গোলে তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি ভিয়ারিয়াল।


