এলএনজি জাহাজ না আসায় সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমেছে

মহেশখালীর সামিট পাওয়ার লিমিটেডের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বাড়ানোর বদলে কমিয়ে দেওয়া হয়েছে। এলএনজিবাহী নতুন জাহাজ না আসায় পেট্রোবাংলা টার্মিনালটি থেকে সরবরাহ কমানোর নির্দেশ দিয়েছে। এতে দেশে চলমান গ্যাস সংকট দ্রুত কাটার আশা আরও পিছিয়ে গেল।

এর আগে নতুন একটি এলএনজিবাহী জাহাজ আসার পর শনিবার থেকে আমেরিকান কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালটি আবার চালু হয়। এতে শিল্পকারখানা, আবাসিক গ্রাহক ও পরিবহন খাতে গ্যাস সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে এক্সিলারেটের টার্মিনাল চালু হলেও সামিটের টার্মিনাল থেকে সরবরাহ কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসেনি।

রোববার সকাল থেকে দুই ভাসমান টার্মিনাল মিলিয়ে গ্যাস সরবরাহ হচ্ছে ৭৪০ মিলিয়ন ঘনফুট। অথচ টার্মিনাল দুটির সম্মিলিত সরবরাহ সক্ষমতা ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। ফলে সক্ষমতার তুলনায় সরবরাহ ঘাটতি থাকছেই।

পেট্রোবাংলার ক্রয় বিভাগের এক কর্মকর্তা জানান, দুই টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী এলএনজি সরবরাহ নিশ্চিত করতে প্রতি মাসে ১১টি জাহাজ প্রয়োজন। কিন্তু বর্তমানে আসছে মাত্র পাঁচটি জাহাজ। ফলে এলএনজি সরবরাহ প্রায় অর্ধেকে নেমে গেছে।

ওই কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতিতে কবে নাগাদ এলএনজি সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে, তা এখনই বলা কঠিন।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top