জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সফরকে ঘিরে এখন নয় দিনের সফরসূচি প্রস্তুতের কাজ চলছে।
নিউইয়র্কে অবস্থানকালে সাধারণ পরিষদের মূল অধিবেশনের পাশাপাশি বিভিন্ন সাইডলাইন আয়োজনেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। সফরের নিউইয়র্ক পর্ব শেষে তিনি সানফ্রান্সিসকো যেতে পারেন।
সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেছেন।


