লিওনেল মেসিকে সাধারণত মাঠে শান্ত স্বভাবের খেলোয়াড় হিসেবেই দেখা যায়। তবে ফিলাডেলফিয়া ইউনিয়নের কুইন সুলিভানের সঙ্গে ম্যাচ চলাকালে উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে এবার শাস্তি পেলেন ইন্টার মায়ামির এই তারকা। ঘটনাটি পর্যালোচনা করে মেজর লিগ সকার (এমএলএস) মেসিকে জরিমানা করেছে। তবে জরিমানার অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি।
ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ১১তম মিনিটে এ ঘটনা ঘটে। মাঝমাঠের কাছে সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর ঘাড়ের পেছনে হাত দেন মেসি। এরপর দুজন মুখোমুখি অবস্থানে চলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ম্যাচের সময় ঘটনাটি রেফারি ফিলিপ দুজিচের নজরে পড়েনি। পরে তিনি দুজনকে আলাদা করে দিলেও কাউকে কার্ড দেখাননি। ম্যাচের ভিডিও পর্যালোচনার পর মেসির বিরুদ্ধে ব্যবস্থা নেয় এমএলএস।
আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যম ঘটনাটিকে ‘চড়’ হিসেবে বর্ণনা করলেও লিগের আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার নীতি ভঙ্গ করেছেন মেসি।
একই ম্যাচে মেসির সতীর্থ ইয়ান ফ্রেকেও একই ধরনের অপরাধের জন্য জরিমানা করা হয়েছে। পেনাল্টি এলাকায় বল নিয়ে এগোনোর সময় সুলিভান পড়ে গেলে ফ্রের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়। একপর্যায়ে ফ্রে সুলিভানের ঘাড় ধরলে দুজনের মধ্যে হাতাহাতি হয়।
ম্যাচের শেষ দিকে আরও একটি হাতাহাতির ঘটনায় ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান লাল কার্ড দেখেন। তবে পরবর্তী স্বাধীন পর্যালোচনা প্যানেলের সিদ্ধান্তে কাভান সুলিভানের লাল কার্ড, এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা বাতিল করে এমএলএস।


