স্পেনের টানা ২৪ জয়ের রেকর্ড থামিয়ে বিশ্বকাপের পথে পর্তুগাল

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্পেনের টানা ২৪ ম্যাচ জয়ের দৌড় শেষ হয়েছে পর্তুগালের কাছে হেরে। বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-এর ফাইনালে ৫৭ রানে জিতে ২০২৭ সালের ইউরোপ কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে পর্তুগাল।

প্রথমে ব্যাট করে ময়জেস হেনরিকসের নেতৃত্বাধীন পর্তুগাল ১৬০ রান সংগ্রহ করে। জবাবে স্পেনের ইনিংস থেমে যায় ১০৩ রানে। এই জয়ের ফলে ইউরোপ কোয়ালিফায়ারে জার্সি ও ডেনমার্কের সঙ্গে যোগ দিয়েছে পর্তুগাল। একই পর্বে খেলবে স্কটল্যান্ড। ইতালি ও নেদারল্যান্ডস অবশ্য সরাসরি গ্লোবাল কোয়ালিফায়ারে জায়গা পেয়েছে।

২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত টানা ২৪টি আন্তর্জাতিক ম্যাচ জিতে স্পেন অস্ট্রেলিয়ার একটি রেকর্ডও ছাড়িয়ে গিয়েছিল। ২০০৩ সালে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে অস্ট্রেলিয়া টানা ২০ ম্যাচ জিতেছিল। তবে পর্তুগালের কাছে হেরে আন্তর্জাতিক ক্রিকেটে টানা অপরাজিত থাকার ২৫ ম্যাচের রেকর্ড ছোঁয়া হলো না স্পেনের।

১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে টানা ২৫টি টেস্টে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া। ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকা রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ারও সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ তৈরি হয়েছিল। নিউজিল্যান্ড সফরের প্রথম ওয়ানডেতে ২ উইকেটে হেরে তারা সেই সুযোগ হারায়।

পর্তুগালের এই জয়ে দলটির বিশ্বকাপ খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে। ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে এটি তাদের টানা পঞ্চম জয়। দলের হয়ে এই বাছাইপর্বে ১৯০-এর বেশি রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকও হেনরিকস।

পর্তুগাল দলে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সিরাজ উল্লাহ খাদেম। স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাঁহাতি এই স্পিনার ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে ওঠার পথও এখন পর্তুগালের সামনে উন্মুক্ত হয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top