গাজায় সামরিক অভিযান ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি সংকটে পড়ার পর পশ্চিমা দেশগুলোর সমর্থন ধরে রাখতে ইসলামবিদ্বেষকে কৌশল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল—এমন দাবি উঠে এসেছে আল জাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জশ পল তার নিবন্ধে লিখেছেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে বিশ্বজুড়ে দেশটির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, এই পরিস্থিতি সামাল দিতে ইসরায়েল পশ্চিমা বিশ্বের ডানপন্থী ও রক্ষণশীল রাজনীতিকদের মধ্যে ইসলামভীতি উসকে দেওয়ার পথ বেছে নিয়েছে।
বিশ্লেষণে আরও বলা হয়, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল সরকার যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন চরম ডানপন্থী রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। এর অংশ হিসেবে সম্প্রতি জেরুজালেমে আয়োজিত একটি সম্মেলনে ইউরোপের বিভিন্ন ডানপন্থী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। সেখানে আলোচনার অন্যতম বিষয় ছিল ‘উগ্র ইসলামের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ লড়াই’।

কূটনৈতিক বিশ্লেষকদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্র, কানাডাসহ পশ্চিমা দেশগুলোতে একটি সমন্বিত প্রচারণা চালানো হচ্ছে। এই প্রচারণায় মুসলিম অভিবাসন ও ইসলামি মূল্যবোধকে পশ্চিমা সমাজের জন্য হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
একই সঙ্গে ইসরায়েলকে উগ্রবাদের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের প্রধান মডেল হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে বলেও বিশ্লেষকদের মতামত তুলে ধরা হয়েছে।
তবে ঘৃণা ও ভয়কে কাজে লাগিয়ে ইসরায়েলের এই প্রচেষ্টা শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, পশ্চিমা বিশ্বের সাধারণ মানুষ ও প্রগতিশীল সমাজের একটি অংশ ধীরে ধীরে এ ধরনের প্রচারণার পেছনে থাকা উদ্দেশ্য সম্পর্কে সচেতন হয়ে উঠছে।


