চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত দুই আসরে প্রায় ৪০ কোটি টাকা লোকসানের বিষয়টি বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজন না করে সবকিছু নতুনভাবে গুছিয়ে আগামী বছর বিপিএল ফেরাতে চায় বোর্ড।
বিপিএল নিয়ে আলোচনায় বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, এ বছর টুর্নামেন্ট হচ্ছে না। তিনি বলেন, ‘এ বছর বিপিএল হচ্ছে না। আমরা একটা ফর্মুলা নিয়ে কাজ করছি।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা উল্লেখ করে তামিম বলেন, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে বোর্ডকে প্রায় ৪০ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। তাঁর মতে, সমস্যাগুলো সমাধান না করে লোকসান দিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজন নেই।
তবে বিপিএল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা বিসিবির নেই। তামিম বলেন, টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে বোর্ডের ‘শতভাগ ইচ্ছা’ রয়েছে। প্রয়োজন হলে ছয় মাস বা ১২ মাস সময় নিয়ে সবকিছু সঠিকভাবে করার কথাও জানান তিনি।
আগামী আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছে বিসিবি। দলগুলোর বকেয়া, ব্যাংক গ্যারান্টি ও অন্যান্য জটিলতা ধাপে ধাপে সমাধানের পাশাপাশি পর্যাপ্ত সময় হাতে রেখে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চায় বোর্ড।
তামিম জানান, আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজি-সংক্রান্ত পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। শেষ মুহূর্তের অনিশ্চয়তা এড়াতে এবার আগে থেকেই দল চূড়ান্ত করতে চায় বিসিবি, যাতে কোনো ফ্র্যাঞ্চাইজি সরে গেলে বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে।
দ্রুত কয়েকটি দল গঠন করে বিপিএল আয়োজন করা সম্ভব হলেও সে পথে যেতে চান না বিসিবি সভাপতি। তাঁর ভাষায়, চাইলে ‘কালকেই পাঁচটা দল দাঁড় করিয়ে’ দেওয়া সম্ভব, কিন্তু সুষ্ঠু ক্রিকেট আয়োজন এবং বিসিবির মর্যাদা বজায় রাখাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। এ কারণে সমালোচনা হলেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।


