সৌদির আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ জাকারিয়া

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

প্রতিযোগিতার চতুর্থ শাখায় অংশ নিয়ে এ সাফল্য পান রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী জাকারিয়া। এই শাখায় টানা ১৫ পারা কুরআন হিফজের পাশাপাশি প্রতিযোগীদের তিলাওয়াত ও তাজবিদের দক্ষতাও যাচাই করা হয়।

এবারের আসরে বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। মোট পাঁচটি শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সৌদি ও আন্তর্জাতিক বিচারকমণ্ডলীর সদস্যরা প্রতিযোগীদের মূল্যায়ন করেন। বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করার ব্যবস্থা রাখা হয়।

প্রতিযোগিতা চলাকালে সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) দেওয়া বক্তব্যে জাকারিয়া বলেন, কুরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে মক্কার পবিত্র ভূমিতে নিয়ে এসেছে। মসজিদুল হারামে এসে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগকে তিনি নিজের কুরআনিক জীবনের বড় সম্মান ও স্মরণীয় অর্জন হিসেবে উল্লেখ করেন।

সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে মোট পুরস্কারের অর্থমূল্য ছিল ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধির প্রথম স্থান অর্জন দেশের জন্য একটি গৌরবজনক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top