বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে নিয়ে ভারতে আসতে পারে কেপ ভার্দে

ব্রাজিলের বিপক্ষে ভারতের প্রীতি ম্যাচের পর এবার কেপ ভার্দের বিপক্ষেও মাঠে নামার সুযোগ তৈরি হতে পারে ভারতীয় ফুটবল দলের। আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের সঙ্গে ভারতের ম্যাচ নির্ধারিত রয়েছে। এর পর ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কেপ ভার্দের বিপক্ষে আরেকটি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

তবে কেপ ভার্দের সঙ্গে ম্যাচের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ভারতীয় একটি দৈনিককে ফেডারেশনের সূত্র জানিয়েছে, দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

এই ম্যাচ হলে ভারতের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে বিশ্বকাপে আলোচনায় আসা কেপ ভার্দের গোলকিপার ভোজিনহাকে। এবারের বিশ্বকাপের অভিষেকেই আফ্রিকার দলটি নকআউট পর্বে জায়গা করে নিয়ে নজর কেড়েছিল। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ড্র এবং উরুগুয়ের সঙ্গে সমতায় তাদের সামর্থ্যের প্রমাণ মিলেছিল।

আর্জেন্টিনার বিপক্ষেও শেষ ৩২-এর ম্যাচে দারুণ লড়াই করেছিল কেপ ভার্দে। বিশ্বচ্যাম্পিয়নদের কাছে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গোল হজম করে বিদায় নিলেও ম্যাচটিতে একাধিকবার আর্জেন্টিনার নিশ্চিত গোল ঠেকিয়ে আলোচনায় আসেন ভোজিনহা।

স্পেনের বিপক্ষেও তার পারফরম্যান্স ছিল ম্যাচটির অন্যতম আলোচিত দিক। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৪ নম্বরে থাকা কেপ ভার্দের হয়ে দুর্দান্ত গোলকিপিং করে বিশ্বকাপের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। ফলে ভারতের বিপক্ষে কেপ ভার্দের ম্যাচটি আয়োজিত হলে ভোজিনহার উপস্থিতিও ভারতীয় ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহের কারণ হতে পারে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top