কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ

কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবার চাইলে মরদেহ দেশে আনার ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাপকালে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশির মৃত্যু শনাক্ত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ পরিচয় নিশ্চিত করেছে।

নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলী। নিহত অপর বাংলাদেশির নাম আহমেদ বাবু। তার বাড়ি সাভারের আমিনবাজার বেগুনবাড়িতে।

অগ্নিকাণ্ডের পর কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এ ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top