গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৭

গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আরও বহু মানুষ গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসা সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

বুধবার গাজা সিটির বন্দর এলাকার কাছে একটি ক্যাফে ও এর আশপাশে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারে তৎপরতা শুরু হয়। পরে আহত ও নিহতদের গাজার আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তবে তাদের দাবি, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়নি। আইডিএফ জানিয়েছে, গাজায় সক্রিয় সশস্ত্র সংগঠন হামাসের এক শীর্ষ কমান্ডার এবং নুখবা ফোর্সের কয়েকজন সদস্যকে লক্ষ্য করেই ওই অভিযান চালানো হয়।

তবে ইসরায়েলি বাহিনীর এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে গাজা কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা। তাদের ভাষ্য, হামলার সময় ওই এলাকায় সাধারণ মানুষ ও শিশুরা উপস্থিত ছিল।

এদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক চুক্তি ও অস্ত্রবিরতির আহ্বান উপেক্ষা করে এ ধরনের হামলা চালানো হচ্ছে অভিযোগ করে তারা ঘটনাটিকে ‘গণহত্যা ও নির্মম অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top