এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

এশিয়া কাপ ও এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। এরপর জাপানের আইচি–নাগোয়ায় বসবে ২০তম এশিয়ান গেমসের আসর।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে খেলবে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং (চীন)।

৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ১০ ও ১১ সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। টুর্নামেন্টের সব ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় হবে।

এশিয়ান গেমসে অবশ্য সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করবে বাংলাদেশ। অন্যান্য দলের তুলনায় র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকার সুবাদে এই সুযোগ পেয়েছে তারা। ১৭ সেপ্টেম্বর কোরোগি অ্যাথলেটিক পার্কে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে ভারত অথবা জাপানের বিপক্ষে খেলতে হবে তাদের।

বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ–অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top