দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন মার্কিন যুদ্ধজাহাজ

দক্ষিণ চীন সাগরে নিয়মিত কার্যক্রম চালানোর সময় যান্ত্রিক ত্রুটিতে টানা চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস বেনফোল্ড। জাহাজটির জেনারেটরে ত্রুটি দেখা দেওয়ার পর গুরুত্বপূর্ণ কয়েকটি সেবা বন্ধ হয়ে যায়। পরে এটিকে ফিলিপাইনের সুবিক বে-তে নিয়ে যাওয়া হয়।

মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমারের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, ২৪ জুলাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়মিত কার্যক্রমের মধ্যেই বেনফোল্ডের জেনারেটরে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এর ফলে জাহাজটির পুরো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে ঘটনায় কোনো নাবিক আহত হননি।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জাহাজটির শৌচাগার, শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা ও রান্নাঘর অচল হয়ে পড়ে। পাশাপাশি পানীয় জলের কিছু ব্যবস্থাও বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে চার দিন কাটানোর সময় একই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের ক্রুজার ইউএসএস রবার্ট স্মলস বেনফোল্ডের নাবিকদের খাবার সরবরাহ করে।

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন মার্কিন যুদ্ধজাহাজ

২৮ জুলাই বেনফোল্ডকে ফিলিপাইনের সুবিক বে-তে নেওয়া হয়। এর দুই দিন পর জাহাজটির বিদ্যুৎ ব্যবস্থা আবার সচল করা হয়। এরপর জেনারেটরের ত্রুটির কারণ খুঁজে বের করা এবং প্রয়োজনীয় মেরামতের কাজ শুরু করে মার্কিন নৌবাহিনী।

ইউএসএস বেনফোল্ড আর্লে বার্ক শ্রেণির একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার। এটি ইউএসএস জর্জ ওয়াশিংটন নেতৃত্বাধীন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হিসেবে দক্ষিণ চীন সাগরে কার্যক্রম চালাচ্ছিল। ২৪ জুলাইয়ের আগেও ওই স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগরে অবস্থান করতে দেখা গিয়েছিল।

ঘটনার প্রকৃত কারণ জানতে মার্কিন নৌবাহিনীর তদন্ত এখনো চলছে। চলতি বছর মার্কিন নৌবাহিনীর আরেকটি ডেস্ট্রয়ারেও বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যার ঘটনা সামনে আসায় যুদ্ধজাহাজগুলোর যান্ত্রিক নির্ভরযোগ্যতা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top