উসমান খাজার চোখে বাংলাদেশের জয়, ‘লজ্জাজনক’ বলা মানে অসম্মান

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা প্রতিপক্ষ দলকে প্রশংসা করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এই হারকে ‘লজ্জাজনক’ বা ‘অপমানজনক’ বলা হলে বাংলাদেশের অর্জনকেই ছোট করা হয়।

নিজের ফেসবুক পেজে প্রকাশ করা এক ভিডিওতে খাজা বলেন, টেস্ট ক্রিকেটে দুই দলেরই জয়ের সুযোগ থাকে। তাই অস্ট্রেলিয়ার হারের পর এমন শব্দ ব্যবহার করা তাঁকে বিরক্ত করেছে। তাঁর মতে, বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে এবং তাদের কৃতিত্ব স্বীকার করা উচিত।

৩৯ বছর বয়সী খাজা বলেন, অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বের এক নম্বর দল এবং স্বাভাবিকভাবেই তাদের জয়ের প্রত্যাশা ছিল। তবে বাংলাদেশের বিপক্ষে হারের ঘটনাকে অপমান হিসেবে দেখার পক্ষে নন তিনি। বরং বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে তাদের ‘শাবাশ’ বলা উচিত বলে মনে করেন সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার হয়ে ৮৮ টেস্ট ও ৪০ ওয়ানডে খেলা খাজা চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তবে তিনি এখনো ঘরোয়া ক্রিকেট খেলছেন। বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘সেরা দল জিতেছে।’

অস্ট্রেলিয়া দল নিয়েও নিজের মত জানিয়েছেন খাজা। তাঁর ধারণা, নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারলে সামগ্রিকভাবে অস্ট্রেলিয়াই ভালো দল। তবে পরের টেস্টে কী হবে, তা নিয়ে নিশ্চিত নন তিনি।

অস্ট্রেলিয়ার সমালোচকদের নিয়েও প্রশ্ন তুলেছেন খাজা। তাঁর মতে, এক বছর আগেও একই ব্যাটিং লাইনআপ ও ওপেনারদের নিয়ে ব্যাপক প্রশংসা করা হয়েছিল। এখন একটি হারের পর দ্রুত মত বদলে ফেলার প্রবণতা নিয়েই তিনি সমালোচনা করেন।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী শনিবার ম্যাকাইয়ে শুরু হওয়ার কথা।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top