স্পেনের অধিনায়ক ও ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী রদ্রিকে দলে ভেড়ানোর পথে বড় অগ্রগতি হয়েছে বার্সেলোনার। ম্যানচেস্টার সিটির সঙ্গে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে নিয়ে সমঝোতায় পৌঁছেছে কাতালান ক্লাবটি। বার্সার একটি সূত্র এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপিকে।
রদ্রিকে কিনতে প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার খরচ করবে বার্সেলোনা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৬৩ কোটি টাকা। ক্লাবটির সূত্র জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এবং তখনই দলবদলের প্রক্রিয়াও চূড়ান্ত হবে।
বিশ্বকাপের পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের পর গোল্ডেন বল জেতেন রদ্রি। তাঁর নেতৃত্বে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। তাঁকে পাওয়ার দৌড়ে বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদও ছিল, তবে শেষ পর্যন্ত বার্সার দিকেই এগোচ্ছেন স্পেনের এই তারকা।

২০১৯ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন রদ্রি। পেপ গার্দিওলার অধীনে তিনি ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ, চারটি প্রিমিয়ার লিগসহ মোট ১২টি বড় শিরোপা জিতেছেন। ২০২৪ সালে তাঁর ব্যক্তিগত সাফল্যের মুকুটে যোগ হয় ব্যালন ডি’অর।
তবে গত দুই মৌসুমে চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন রদ্রি। তবু তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ হারায়নি বার্সেলোনা। মূলত মাঝমাঠে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের চোটের কারণে তৈরি হওয়া সংকট থেকেই একজন অভিজ্ঞ ও বিশ্বমানের মিডফিল্ডারের প্রয়োজনীয়তা অনুভব করছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
রদ্রিকে পেতে বার্সেলোনার আগের দুটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত গতকাল দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে বলে বার্সার সূত্র জানিয়েছে। এবারের গ্রীষ্মে অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি ও জেসি বিসিউর পর রদ্রিই হতে যাচ্ছেন বার্সেলোনার নতুন সংযোজন।
এদিকে গত মৌসুমে আল হিলাল থেকে ধারে বার্সেলোনায় খেলা জোয়াও কানসেলোকেও আগামী কয়েক দিনের মধ্যে স্থায়ীভাবে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।


