অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম টেস্ট জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে কম ম্যাচে দেশটির মাটিতে টেস্ট জয়ের নজির গড়েছে টাইগাররা।
এর আগে এশিয়ার দল হিসেবে এই রেকর্ড ছিল পাকিস্তানের দখলে। অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সপ্তম টেস্টে প্রথম জয় পেয়েছিল পাকিস্তান। ভারত সেখানে ১২তম টেস্টে গিয়ে জয়ের দেখা পায়। শ্রীলঙ্কা এখনো অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি।
বাংলাদেশের এই জয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে দীর্ঘ বিরতির কারণে। ২০০৩ সালে প্রথম ও সবশেষ অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর ২৩ বছর আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ হয়নি। এবার তৃতীয় টেস্ট খেলতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল দলটি।
বিশ্বের হিসাবেও বাংলাদেশের এই অর্জন যৌথভাবে দ্বিতীয়। ১৯১১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের তৃতীয় টেস্টেই প্রথম জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ফলে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।
অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম টেস্ট খেলে প্রথম জয়ের রেকর্ড ইংল্যান্ডের। ১৮৭৭ সালে নিজেদের দ্বিতীয় টেস্টেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইংলিশরা। এরপর ১৯৩১ সালে নিজেদের পঞ্চম টেস্টে প্রথম জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তান ও নিউজিল্যান্ড যৌথভাবে পরের অবস্থানে রয়েছে। পাকিস্তান ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সপ্তম টেস্টে প্রথম জয় পায়। নিউজিল্যান্ডও ১৯৮৫ সালে সপ্তম টেস্টে গিয়ে জয়ের স্বাদ নেয়। ভারত ১৯৭৭ সালে নিজেদের ১২তম টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পেয়েছিল।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার মাটিতে এখনো টেস্ট জয়ের অপেক্ষায় রয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেখানে শ্রীলঙ্কা ১৫টি এবং জিম্বাবুয়ে ২টি টেস্ট খেলেছে।


