রিয়াল সোসিয়েদাদকে ৩-১ গোলে হারিয়ে প্রাক-মৌসুম শেষ করেছে চেলসি। তবে জয়ের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে এনজো ফার্নান্দেজকে ঘিরে স্ট্যামফোর্ড ব্রিজের সমর্থকদের বিভক্ত প্রতিক্রিয়া।
ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জনের মধ্যে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। ম্যাচ শুরুর আগে তার নাম ঘোষণার সময় গ্যালারির একাংশ দুয়ো দেয়। ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার সময়ও একই প্রতিক্রিয়া দেখা যায়। অন্যদিকে, সমর্থকদের আরেকটি অংশ তার নাম ধরে স্লোগান দিয়ে পাশে থাকার বার্তা দেয়।
মাঠে নামার পরও ফার্নান্দেজের প্রতিটি বল স্পর্শে মিশ্র প্রতিক্রিয়া শোনা যায়। কখনো দুয়ো, কখনো করতালিতে গ্যালারি সরব ছিল। এমনকি তাকে ফাউল করা হলে কিছু সমর্থক উচ্ছ্বাস প্রকাশ করেন। এর মধ্যেই দলের পক্ষ থেকেও তার প্রতি আস্থার ইঙ্গিত পাওয়া যায়। রিস জেমস মাঠ ছাড়ার সময় দীর্ঘদিনের সহ-অধিনায়ক ফার্নান্দেজের হাতেই অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন।

চেলসিতে ফার্নান্দেজের ভবিষ্যৎ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে। চলতি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। পরে স্প্যানিশ ক্লাবটি সেই আগ্রহ থেকে সরে যায়। এরপর তার প্রতিনিধিরা ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনা করলেও চেলসির নির্ধারিত ১২ কোটি পাউন্ডের মূল্যায়ন অনুযায়ী কোনো প্রস্তাব দেয়নি সিটি।
শুক্রবার বিকেল ৫টার নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় আপাতত ফার্নান্দেজকে ধরে রাখার অবস্থানেই রয়েছে চেলসি। তবে সমর্থকদের একাংশ মনে করছে, ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করে তিনি চেলসির প্রতি নিজের আনুগত্য নিয়ে প্রশ্ন তৈরি করেছেন। তার এজেন্ট হাভিয়ের পাস্তোরে ফার্নান্দেজকে কম বেতন দেওয়ার দাবিও করেছিলেন।
ফার্নান্দেজকে ঘিরে অসন্তোষের আরেকটি কারণ আর্জেন্টিনা-ইংল্যান্ডের পুরোনো বিতর্ক। জুলাইয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারানোর পর ফার্নান্দেজের উদযাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন মন্তব্য ইংলিশ সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল। নতুন মৌসুমে প্রিমিয়ার লিগের অন্য ক্লাবগুলোর সমর্থকদের কাছ থেকেও তার প্রতিক্রিয়ার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে ফার্নান্দেজের চেলসিতে থাকার সম্ভাবনাই বেশি। তবে ১ সেপ্টেম্বর ট্রান্সফার ডেডলাইনের আগে ম্যানচেস্টার সিটি নতুন করে আগ্রহ দেখালে পরিস্থিতি বদলে যেতে পারে। ফলে প্রাক-মৌসুমে চেলসি জয় দিয়ে শেষ করলেও ফার্নান্দেজকে ঘিরে ক্লাবটির অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি।


