আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দাপুটে জয় পেয়েছে আফগানিস্তান। বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছে সফরকারীরা। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২২ রানেই দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানকে হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান। গুরবাজ ১৪ এবং জাদরান ৫ রান করে ফেরেন।
সেখান থেকে ম্যাচের চিত্র বদলে দেন রহমত শাহ ও সিদ্দিকুল্লাহ অটল। তৃতীয় উইকেটে দুজনের ২০১ রানের জুটি আফগানিস্তানকে বড় জয়ের ভিত গড়ে দেয়। ১১২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৯৮ রান করে সিদ্দিকুল্লাহ আউট হলেও ততক্ষণে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

অন্য প্রান্তে অবিচল ছিলেন রহমত। ১৩৩ বলের ইনিংসে ১৩টি চার ও ২টি ছক্কায় ১৪৩ রানে অপরাজিত থেকে ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ দিকে আজমতুল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে ৪৮.৫ ওভারে ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কার্টিস ক্যাম্ফারের ৯৬ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। ৮৪ বলে ৯৬ রান করেন ক্যাম্ফার। হ্যারি টেক্টর করেন ৫৩ রান।
আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আজমতুল্লাহ ওমরজাই। ৭৪ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। আল্লাহ গাজানফার পান দুটি উইকেট। এই ম্যাচে ওয়ানডেতে ক্যারিয়ারের ৫০তম উইকেটের মাইলফলকও স্পর্শ করেন ওমরজাই।
ব্যাট হাতে ম্যাচজয়ী ১৪৩ রানের ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন রহমত শাহ। আর সিরিজের শেষ ম্যাচে বিশ্রামে থাকা রশীদ খান পুরো সিরিজে বল হাতে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিরিজসেরা।


