আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী বলেছেন, রাজনৈতিক, অর্থনৈতিকসহ বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করেও আফগানদের নত করা সম্ভব হবে না। তার ভাষ্য, বিশ্ব এখন বুঝতে পেরেছে যে আফগানরা শক্তির কাছে মাথা নত করে না।
শনিবার (১৫ আগস্ট) রাজধানী কাবুলের লয়া জিরগা হলে আফগানিস্তান বিজয়ের পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুত্তাকী বলেন, কঠিন ও জটিল পরিস্থিতির মধ্যেও আফগানিস্তান স্বাধীন রয়েছে এবং দেশটির মানুষ নিজেদের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেছে। অন্যদের চিন্তাধারা আফগানরা গ্রহণ করে না বলেও মন্তব্য করেন তিনি।

আফগান পররাষ্ট্রমন্ত্রীর মতে, দেশটির অতীতের দুটি দখলদারিত্ব এ অবস্থানের স্পষ্ট উদাহরণ। বিদেশি মতাদর্শ আফগানদের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় শেষ পর্যন্ত সেসব মতাদর্শ পরাজিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কের বিষয়েও বক্তব্য দেন মুত্তাকী। তিনি বলেন, ইমারাতে ইসলামিয়ার সঙ্গে সম্পর্ক রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থেই। একই সঙ্গে আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের নীতি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।


