অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে বাংলাদেশ এখন সত্যিকারের হুমকি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে দুর্দান্ত অবস্থানে বাংলাদেশ। হাসান মাহমুদের ৬ উইকেটের পর তানজিদ হাসানের সেঞ্চুরি ও মুমিনুল হক-নাজমুল হোসেন শান্তর ফিফটিতে স্বাগতিকদের চাপে ফেলেছে সফরকারীরা। বাংলাদেশের এমন পারফরম্যান্সে প্রশংসায় ভাসছে দেশটির গণমাধ্যমও।

ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ক্রিকেট ডটকম ডট এইউ এক প্রতিবেদনে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে জানিয়েছে, অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে টাইগাররা প্রমাণ করেছে তারা মোটেও ‘নখদন্তহীন’ দল নয়। বরং বাংলাদেশকে এখন আর ‘ছোট’ দল হিসেবে দেখার সুযোগ নেই, তারা সত্যিকারের হুমকি।

সিরিজ শুরুর আগে অবশ্য বাংলাদেশের অবস্থান এতটা শক্তিশালী মনে হচ্ছিল না। জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল দলটি। এর মধ্যে চোটের কারণে সিরিজ শুরুর আগেই ছিটকে যান পেসার নাহিদ রানা, যাকে ঘিরে অস্ট্রেলিয়ার গণমাধ্যমেও আগ্রহ ছিল।

তবে মাঠের লড়াইয়ে সেই শঙ্কা উল্টে দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেটে ৩৫১ রান করেছে সফরকারীরা। এতে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান।

বাংলাদেশের এই লড়াইয়ের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ও ডেভিড ওয়ার্নারও। আর দেশটির সংবাদমাধ্যমে উঠে এসেছে টেস্টে বাংলাদেশের বদলে যাওয়া মানসিকতা ও পারফরম্যান্সের চিত্র।

সিডনি মর্নিং হেরাল্ডের এক বিশ্লেষণে বলা হয়েছে, অস্ট্রেলিয়া এমন একটি বাংলাদেশের কাছে টেস্ট ব্যাটিংয়ের পাঠ পেয়েছে, যারা এবার ভুল করে হার মানতে রাজি নয়। একসময় যে দলকে নিজেদের ভুল থেকে শেখার সুযোগ না পাওয়া কিংবা ম্যাচ শেষ হওয়ার আগেই হাল ছেড়ে দেওয়া নবীন দল হিসেবে দেখা হতো, সেই বাংলাদেশই এবার অস্ট্রেলিয়াকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে।

তৃতীয় দিনে লিড আরও বাড়িয়ে অস্ট্রেলিয়ার ওপর চাপ ধরে রাখাই এখন বাংলাদেশের লক্ষ্য।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top