পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেলে ২০ লাখ মানুষকে নিয়ে ইসলামাবাদের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী ২৭ সেপ্টেম্বর এই কর্মসূচি পালন করা হবে। তার আগে কারাগারে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি না মিললে আন্দোলন আরও জোরালো করার হুঁশিয়ারিও দেন তিনি।
সোহেল আফ্রিদি বলেন, ২৭ সেপ্টেম্বরের আগে তিনি শেষবারের মতো আদিয়ালা কারাগারে গেছেন। সরকার বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেই কেবল তিনি আবার সেখানে যাবেন।

সাক্ষাতের অনুমতি না দেওয়া হলে পিটিআইয়ের ডি-চক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ১০টা থেকে দেশজুড়ে সড়ক অবরোধের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে দলীয় কর্মীদের পাকিস্তান ও পিটিআইয়ের পতাকা হাতে রাজপথে নামার প্রস্তুতি নিতে বলেন।
আফ্রিদির দাবি, এই আন্দোলনের মাধ্যমে ২০২২ সালের এপ্রিল থেকে ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা জনগণ মেনে নেয়নি—এই বার্তা দেওয়া হবে। পিটিআইয়ের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, এরই মধ্যে বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে এবং দলীয় কর্মীরা বিভিন্ন মোড়ে ইমরানের সমর্থনে স্লোগান দিয়েছেন।
তিনি জানান, পিটিআইয়ের অন্যান্য এলাকাতেও একই ধরনের কর্মসূচি শুরু হবে। আগামী রোববার বান্নুতেও রাজপথে একটি কর্মসূচি আয়োজনের কথা জানিয়েছেন তিনি।
২৭ সেপ্টেম্বরের পদযাত্রায় ২০ লাখের বেশি মানুষ অংশ নেবে বলেও দাবি করেন আফ্রিদি। তার ভাষ্য, ওই দিনটি কর্তৃপক্ষের জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে উঠবে এবং কর্মসূচি ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে।
সোহেল আফ্রিদি আরও বলেন, পাকিস্তান ও পিটিআইয়ের পতাকা বহনকারী প্রত্যেক ব্যক্তিকে ইমরান খানের সমর্থক হিসেবে গণ্য করা হবে। পাকিস্তানের জনগণ তাদের সমস্যার সমাধান চায় এবং তার দাবি, এসব সমস্যার সমাধান কেবল ইমরান খানই নিশ্চিত করতে পারেন।


