লিবিয়া সফরের অংশ হিসেবে দেশটির জাতীয় বীর শহীদ ওমর মুখতার রহ.-এর মাজার জিয়ারত করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বুধবার (১২ আগস্ট) বেনগাজিতে গিয়ে তিনি এই মাজার জিয়ারত করেন।
ওমর মুখতার লিবিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ এক প্রতিরোধ নেতা হিসেবে পরিচিত। উসমানীয় সাম্রাজ্যের সময়ও তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। লিবিয়ায় ইতালীয় দখলদারিত্ব শুরু হলে তিনি তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যুক্ত হন।
মুসোলিনির ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছর লড়াই করেন ওমর মুখতার। পরে তাকে আটক করে নিজ জনগণের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আদেশ দেওয়া হয়।

১৯৩১ সালের ১৬ সেপ্টেম্বর ৭৩ বছর বয়সে শহীদ হন ওমর মুখতার। লিবিয়ায় তার মাজার দেশটির স্বাধীনতা ও প্রতিরোধের ইতিহাসের অন্যতম স্মারক হিসেবে বিবেচিত।


