নবম পে স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ

নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠকে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সব গ্রেডে একই হারে বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়নি। নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান বিবেচনায় রেখে তাদের জন্য সর্বোচ্চ বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নিজেদের প্রস্তাব তৈরি করে সচিব কমিটি।

কমিটির প্রস্তাব অনুযায়ী, নবম পে স্কেল দুই ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। প্রথম ধাপে সংশোধিত মূল বেতন কার্যকর করা হবে। এরপর দ্বিতীয় ধাপে ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নের কথা বলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সচিব কমিটির এক সদস্য জানান, নতুন বেতন কাঠামোয় গ্রেড অনুযায়ী মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ পর্যায়ের কমিটি।

তিনি বলেন, তিনটি পৃথক কমিশনের প্রতিবেদন সামগ্রিকভাবে পর্যালোচনা করেই সচিব কমিটির সুপারিশ তৈরি করা হয়েছে। এর আগে এসব প্রতিবেদন নিয়ে কাজ শেষ হওয়ার পরও কেন নতুন করে আরও দুটি কমিটি গঠন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ২০২৫ সালের জুলাইয়ে নবম পে কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। সেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার কথা বলা হয়।

পরে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২১ এপ্রিল পে স্কেলের সুপারিশ পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। ওই কমিটির পর্যালোচনা ও সুপারিশের ভিত্তিতেই নতুন বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top