দেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দুই টেস্টের সিরিজ দেশের কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না। দীর্ঘ প্রায় দুই দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট ফেরার ম্যাচগুলো দেখতে দেশের দর্শকদের নির্ভর করতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর।

আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। ২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকে খেলতে নামছে বাংলাদেশ।

দেশে আন্তর্জাতিক ক্রিকেটের বেশির ভাগ ম্যাচ সম্প্রচার করা টি-স্পোর্টস এবার সিরিজটির সম্প্রচার স্বত্ব পায়নি। একইভাবে বাংলাদেশের অন্য কোনো টেলিভিশন চ্যানেলও এই দুই টেস্ট সম্প্রচারের স্বত্ব নেয়নি।

ফলে বাংলাদেশি দর্শকদের নির্দিষ্ট ফি দিয়ে ট্যাপম্যাড অ্যাপের মাধ্যমে ম্যাচ দেখতে হবে। টেলিভিশনে সরাসরি খেলা দেখার সুযোগ না থাকায় ডিজিটাল মাধ্যমই হবে দেশের সমর্থকদের একমাত্র সম্প্রচার পথ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত আন্তর্জাতিক সম্প্রচারকদের তালিকা অনুযায়ী, বাংলাদেশের বাইরে কয়েকটি দেশে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সিরিজটি দেখার ব্যবস্থা রয়েছে। শ্রীলঙ্কায় স্টার স্পোর্টস, এসএলটি ও সুপ্রিম টিভিতে ম্যাচ সম্প্রচার হবে। পাকিস্তানে খেলা দেখাবে টেন স্পোর্টস ও ট্যাপম্যাড।

মালদ্বীপে স্টার স্পোর্টসে মেডিয়ানেটের মাধ্যমে সিরিজটি দেখা যাবে। নেপাল ও ভুটানেও স্টার স্পোর্টসে সম্প্রচারের ব্যবস্থা থাকছে। আর ভারতে স্টার স্পোর্টসের পাশাপাশি জিও হটস্টারে ম্যাচ দেখার সুযোগ থাকবে।

প্রায় ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট ফেরার সিরিজ হওয়ায় এই সফর ঘিরে বাড়তি আগ্রহ রয়েছে। তবে দেশের টেলিভিশন দর্শকদের এবার সেই ম্যাচ দেখতে বিকল্প হিসেবে বেছে নিতে হবে ডিজিটাল মাধ্যম।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top