সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, জানালেন প্রতিমন্ত্রী

দেশের বিদ্যুৎ পরিস্থিতি বুধবার সন্ধ্যা থেকে কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গ্যাস সরবরাহে ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সাম্প্রতিক সময়ে লোডশেডিং বেড়েছে বলে জানান তিনি।

১২ আগস্ট সচিবালয়ে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, বিশেষ কিছু কৌশল প্রয়োগ করে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি আনার চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এর পাশাপাশি দুর্ঘটনার কারণে আরেকটি টার্মিনালও পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছে না। এতে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং এর প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে।

সংকট মোকাবিলায় মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, দেশীয় গ্যাস উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়। তাই দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগোচ্ছে মন্ত্রণালয়। তার মতে, অতীতের ভুল নীতি এবং তাৎক্ষণিক সমাধানের ওপর নির্ভরতার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে।

অমিত আরও জানান, এক্সিলারেট টার্মিনাল এখনো পূর্ণ সক্ষমতায় পরিচালনা করা সম্ভব হচ্ছে না। টার্মিনালটিকে পুরো সক্ষমতায় আনতে ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে। তবে ঠিক কখন থেকে এটি বন্ধ করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

বিদ্যুৎ ও গ্যাস সংকটে সাধারণ মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতির কারণে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top